মুক্তদেশ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আভাসও রয়েছে।
বুধবার বিকালে অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বুধবার বেলা ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
“এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার প্রতি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ রেখে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবওহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
এদিকে বুধবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির আভাস রয়েছে।
