আন্তর্জাতিক ডেস্ক: ভিক্ষুকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পদ হারিয়েছেন কমিউনিস্টশাসিত দ্বীপদেশ কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। তিনি বলেছেন, কিউবায় ভিক্ষুক বলে কিছুই নেই, যারা ময়লার ভাগাড়ে যায় তারা মূলত সেখান থেকে ‘সহজে অর্থ উপার্জনের জন্যই’ এটি করছে। গত সপ্তাহে পার্লামেন্টে এমন মন্তব্যের জের ধরে দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এর জের ধরে পদত্যাগ করেন এলেনা ফেইতোÑ ইতোমধ্যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, তীব্র অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করা কিউবায় দারিদ্র্যের মাত্রা ও খাদ্য ঘাটতি মারাত্মক রূপ নিয়েছে। সাধারণ মানুষ ক্ষুধার জন্য ময়লার স্তূপেও খাবার সন্ধান করছে। এমন চিত্র দেশটিতে সাধারণ ঘটনা হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে মন্ত্রীর ওই মন্তব্য জনসাধারণ বিদ্রুপ হিসেবে নিয়েছে। যদিও দেশটিতে আইনত বিক্ষোভ নিষিদ্ধ এবং প্রকাশ্য বিরুদ্ধাচরণে জেল পর্যন্ত হতে পারে। তার পরও জনগণ এ নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে।
খবরে আরও বলা হয়েছে, এমন মন্তব্যের জেরে জনমনে ক্ষোভ তৈরি হবে তা মন্ত্রী আঁচ করতে পারেননি। এর মধ্য দিয়ে দেশটির নেতৃত্ব কতটা অনুভূতিহীন, কর্তৃত্ববাদী এবং কিউবানদের শোচনীয় অর্থনৈতিক সংগ্রাম থেকে কতটা বিচ্ছিন্নÑ এসবই প্রকাশ হয়েছে।
কিউবার প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল সংসদে মন্ত্রীর নাম উল্লেখ না করেই সমালোচনা করে বলেছেনÑ নেতাদের অহংকার থাকতে নেই এবং তারা জনগণের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে পারে না।
