সারমিন জাহান: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরের দিকে এমন ঘোষণা দেওয়া হয়। আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।
তবে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না।
শনিবার সন্ধ্যায় ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।
তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, “মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।”
তিনি আরও বলেন, “পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। দুপুরে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করে এবং আগামীকাল দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়।
তবে ওই নির্দেশনায় পেশাগত পরীক্ষার্থীদের এবং বিদেশি শিক্ষার্থীদের বন্ধের আওতামুক্ত রাখা হয়েছে।
যেসব দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা—
১. দ্রুত নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের বাজেট পাস
২. নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা
৩. নতুন একাডেমিক ভবনের বাজেট অনুমোদন
৪. পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা
৫. কার্যক্রমে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা
