আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। এছাড়াও হামলায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর: গার্ডিয়ানের
ইরানজুড়ে ইসরায়েলের হামলার পর এ পর্যন্ত নিহতদের এই সংখ্যা প্রকাশ্যে এসেছে। শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সরকারি সদর দপ্তরসহ তেহরানের আশপাশের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে ইরানের বিজ্ঞানী ও কমান্ডারও রয়েছেন।
এদিকে হামলার জবাবে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে।
