অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার কোনো ইচ্ছে নেই। এ সময় সব দলের অংশগ্রহণের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে এসব কথা বলেন তিনি।
‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।
রোহিঙ্গা ইস্যুতে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, সাত বছর আগে রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে পাঁচ মাস বয়সী থেকে শুরু করে ৫ বছর বা ৭ বছর বয়সীও ছিলো। তারা সবাই আজ যুবক বা কিশোর। এখন মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচীতে অর্থায়ন বন্ধ করে দেয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরনপোষণ দেবে কারা। তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। বিষয়টি নিয়ে তার সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।
নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।
