আন্তর্জাতিক ডেস্ক: ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় ১০ হাজার টেসলামালিক। কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষে টেসলা কোম্পানির গাড়িগুলো। বিশেষ করে ‘অটোপাইলট’ ফিচার চালু থাকলে এ সমস্যা বেশি দেখা যায়। আর এ কারণে ক্লাস অ্যাকশন মামলা করেছেন তাঁরা।
অটোপাইলট মোডে গাড়িটি নিজেই গতিনিয়ন্ত্রণ ও ব্রেক করে। যদিও এটি পুরোপুরি স্বয়ংক্রিয় নয়, টেসলাচালককে সব সময় স্টিয়ারিং হুইলে হাত রাখতে বলা হয়।
যুক্তরাষ্ট্রে এই সমস্যার কারণে টেসলার বিরুদ্ধে মামলার পর অস্ট্রেলিয়াতেও প্রায় ১০ হাজার চালক একত্রিত হয়ে ফেডারেল কোর্টে মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, টেসলা ‘ফ্যান্টম ব্রেকিং’, ব্যাটারির পরিসীমা ও স্বচালিত প্রযুক্তি সম্পর্কে ভুল তথ্য দিয়েছে।
দুই বছর আগে টেসলা গাড়ি কেনেন ডমিনিক ইয়িন। সিডনি থেকে মেলবোর্ন যাওয়ার পথে হাইওয়েতে হঠাৎ করেই ইয়িনের টেসলা গাড়িটি ব্রেক কষে, যার পেছনে কোনো কারণ ছিল না।
