সারমিন জাহান: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কালো টাকা সাদা করা সিদ্ধান্ত নীতি নৈতিকতার বিরুদ্ধে। যারা বৈধ কর দেয় তাদের সঙ্গে এক ধরনের প্রতারণার সামিল।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের বাজেট একমুখী গতানুগতিক বাজেট। বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলসহ কারো মতামত নেয়া হয়নি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশে বিদেশিরা বিনিয়োগ করছে না।
আমীর খসরু চৌধুরী মাহমুদ বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোন সরকার নাই- আমরা আশা করে ছিলাম অন্তবর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে। কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষার কর মওকুফ করা হবে।
তিনি বলেন, বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল।
