মুক্তদেশ ডেস্ক: জুলাই বিপ্লবের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত হচ্ছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা দলের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতি এবং দেশব্যাপী নৈরাজ্য ও দখলবাজির’ বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বৈঠক সূত্র।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়াবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার আমার দেশকে বলেন, বৈঠকে রাজনৈতিক পর্ষদসহ দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যদের বিভিন্ন উপকমিটির প্রধান করা হবে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা এসব উপকমিটির বিভিন্ন পদে থাকবেন। বৈঠকে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের দায়িত্বে থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।
এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপপ্রধান করা হবে। প্রতিটি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক থাকবে।
