ডেস্ক রিপোর্ট: নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ মামলার এজাহার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ১৮ মে জাতীয় পার্টির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ মে আদেশের জন্য রাখেন।
মামলার অপর আসামিরা হলেন- জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূইয়া, উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম, গোয়েন্দা উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার ও জাপার ঢাকা মহানগর উত্তরের সদস্য সাইদুল ইসলাম।
