আন্তর্জাতিক ডেস্ক: উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি ‘পেপে’ নামে বিশ্বজুড়ে পরিচিত।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করা সাবেক এই গেরিলা নেতা তার অনাড়ম্বর জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ নামে। পরিমিত জীবনের জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন।
বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লেখেন, “আপনি আমাদের যা দিয়েছেন, জনগণের জন্য যা করেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ।”
বিবিসি জানায়, মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও তিনি খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন।
রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায়ও হোসে মুজিকা ভোগবাদকে সমালোচনা করে সাধারণ জীবনযাপন চালিয়ে যান এবং সামাজিক সংস্কারের ওপর গুরুত্ব দেন। তার এই অবস্থান তাকে লাতিন আমেরিকাসহ আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করে।