খেলা ডেস্ক: দ্বিতীয় দফায় শুরু হতে যাওয়া আইপিএল-এ ডাক পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় রেকর্ড ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর আগে মুম্বাই ইন্ডিয়ানসে সর্বোচ্চ ২.২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার ঘটনা।
আইপিএলের গত মৌসুমে ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু এ বছরের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেন মোস্তাফিজ। সে বছর ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ওই দুই মৌসুমে ১০ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি। এ পর্যন্ত ৫৭ আইপিএল ম্যাচ খেলে নামের পাশে ৬১ উইকেট রয়েছে তার।