ডেস্ক রিপোর্ট: হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ হজযাত্রী। সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সবশেষ হজ সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্কের তথ্য মতে, এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১০১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৫ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৪৪৭টি ভিসা ইস্যু করা হয়েছে।
১০১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এরা হলেন জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো: ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো: শাহজাহান কবীর ও নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২)।
গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।
