মুক্তদেশ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছায়। এ সময় তাদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। এতে কালিয়া পৌর যুবদলর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন।
কালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়। এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডাকছে, তারা এবং তাদের সমর্থকেরা ঘটনার জন্য দায়ী।
