মুক্তদেশ ডেস্ক: বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় দেশে সংকট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় এর বিরূপ প্রভাব পড়ছে দেশের সব ক্ষেত্রে।’
আজ বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধী দলের দুজন শপথ নিলেও সরকার নিয়েছে একজনের শপথ। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু হয়েছে।’
প্রতিবেশী দেশগুলোর দাম বাড়ার কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে—সরকারের এমন যুক্তিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আশপাশের দেশের অর্থনীতির সমান নয়।’
শফিকুর রহমান বলেন, ‘জ্বালানি সংকটে গার্মেন্টস খাতে উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে। ফলে ৫০ শতাংশ ক্রেতা অর্ডার বাতিল করে দিয়েছে। এতে কর্মসংস্থান কমছে।’
তিনি আরও বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের প্রভাব শুধু ইন্ডাস্ট্রিতে পড়বে না, এর প্রভাব সবার ওপর পড়বে।’
জামায়াত আমির বলেন, ‘নিজেদের কোনো স্বার্থে নয়, সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় জামায়াত।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশের চলমান সমস্যা এবং জনভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল সেগুলো অনুমোদন দেয় না।’
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার বলেছিল দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু হচ্ছে তার বিপরীত। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।’
বিরোধীদলীয় এই নেতা বলেন, ‘দেশে সমস্যা না কমে একের পর এক সমস্যা বেড়ে চলছে।’
