মুক্তদেশ ডেস্ক: ২৪ বছর ধরে শিরোপা না জেতা ব্রাজিল এবারও এসেছে হেক্সা জয়ের মিশনে। শেষ ১৬ এর বাঁধা পেরোতে তাদের প্রতিপক্ষ নরওয়ে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। নরওয়ে কোচ স্তল সুলবাকেন বলছেন, ব্রাজিলকে বড় মাপের দল মানেন না তিনি!
পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা চার দেখায় একবারও হারাতে পারেনি নরওয়েকে। সুলবাকেন জানালেন, এই ব্রাজিল আগের মতো শক্তিধর নয়, ‘আমি মনে করি না, তারা খুব বড় মাপের দল, বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা ছিল। লম্বা সময় ধরে আমরাও ভালো ছন্দে আছি। দারুণ আত্মবিশ্বাস আছে আমাদের দলের।‘
নরওয়ে দলের সবচেয়ে বড় তারকার নাম আরলিং হলান্ড। তাকে কেন্দ্র করেই খেলবে নরওয়ে, জানিয়ে দিলেন সুলবাকেন, ‘আমার মনে হয়, হলান্ডকে সহযোগিতা করার এবং তাকে বলের জোগান দেওয়ার পথ খুঁজে পেয়েছি আমরা। আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ বা ১২০ মিনিটের খেলায়, আমাদের স্বল্প বা দীর্ঘমেয়াদে রক্ষণ সামলাতে হতে পারে, তখনও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে।‘
ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা কতটা- এমন প্রশ্নের জবাবে সুলবাকেন বলেন, ‘এই ম্যাচে আমাদের জয়ের সম্ভাবনা কত শতাংশ, সেটা ঠিকঠাক বলা কঠিন। এটা ৬০-৪০ বা ৭০-৩০ হতে পারে। যাই হোক না কেন, গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা নিজেদের দিনে ব্রাজিলকে আঘাত করতে পারি। কিন্তু এজন্য আমাদের সেরা ছন্দে থাকা দরকার; নয়তো কোনো সুযোগ নেই। যদি, আমরা নিজেদের সেরা, সেরা ছন্দে থাকি, তাহলেই কেবল সুযোগ থাকবে।‘
