মুক্তদেশ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি দুইদিন স্থগিত রাখার পর রবিবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন এই নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবারের বৈঠকে আমাদের দাবি পূরণে আশ্বাস দিলেও এখনো বাস্তবায়নের উদ্যোগ নেননি।
দাবিগুলোর মধ্যে প্রধানটি হল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেয়ার সরকারি ঘোষণা। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন। পরিষদের নেতারা সতর্ক করে দিয়ে বলেন, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত বন্দরের বর্হিনোঙরের কাজ কর্মবিরতির আওতায় ছিল না। তবে রবিবার থেকে ডাকা ধর্মঘটে বর্হিনোঙরেও কোনো কাজ হবে না।
