মুক্তদেশ ডেস্ক: দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছেড়েছেন কারিগরির আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা এই মোড় অবরোধ করে রাখার পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১০ মিনিটে তারা সড়ক ছাড়েন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে কারিগরির শিক্ষার্থীরা দুপুর ১২টায় সাতরাস্তা মোড় অবরোধ করেন। তাদের দাবি, সরকারকে এই সুপারিশ বাতিল করতে হবে।
অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান বেলা ৩টায় আজকের অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।
