মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ‘বিএনপি ইতোমধ্যে ইশতেহারের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে। দলের সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পাশাপাশি ইশতেহার, দলের ৩১ দফা ও ২৭ দফা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের আলোকে ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা রয়েছে আগামী শুক্রবার ইশতেহার ঘোষণা করার।’
মাহদী আমিন অভিযোগ করে বলেন, ‘গত এক সপ্তাহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব অপতথ্যের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে।’
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা ও পুরোনো বয়ান নতুন করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অশালীন ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হচ্ছে।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে ওই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে অপতথ্য ও ব্যক্তিগত আক্রমণের কৌশল বেছে নিয়েছে।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বুধবার তার নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর সফর করবেন।
