মুক্তদেশ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দল দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একে একে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’
রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’
এ সময় ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান রুহুল কবির রিজভী।
অন্যদিকে একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত উদ্যোগ নিতে সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।
ডা. শফিকুর রহমান নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।’ একই সঙ্গে তিনি সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা ও সংগঠনগুলোকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এর আগে এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।পাশাপাশি নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ জানান জামায়াত আমির।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি জানায়, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। এর ফলে এই প্রাণহানি ঘটে।
