ডেস্ক রিপোর্ট: মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার না করা ও মামলার এজাহার থেকে মূল তিন আসামিকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এই ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
সমসাময়িক পরিস্থিতি নিয়ে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির তিনটি সহযোগী সংগঠন— জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হত্যাকাণ্ডের উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, ‘এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট, ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তাদের অদ্যাবধি গ্রেপ্তারও করা হয়নি। এর কারণ আমাদের বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘গণমাধ্যমে মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন, মামলার এজাহারে খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে। ঘটনার ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনের প্রমাণাদি হাতে থাকার সত্ত্বেও অদ্যাবধি মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না. . এটা একটি বিরাট প্রশ্ন ও রহস্য।’
