বিনোদন ডেস্ক: গত ঈদে মুক্তি পেয়েছিল শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। এটি দর্শকের বেশ প্রশংসা কুড়ায়। আসন্ন ঈদেও থাকছে এই নায়িকার নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। বর্তমানে আরেকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অ্যাকশন ঘরানার এই ছবিতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল।
শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে এর দৃশ্যধারণ। ছবির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। নির্মাতা রাশেদা আক্তার লাজুক বলেন, ‘অ্যাকশনের পাশাপাশি সিনেমায় রোমান্টিক ও ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়া রয়েছে। শেরপুরে প্রথম লাটের শুটিং করছি। এরপর ঢাকায় শুটিং করব।’ সজল বলেন, ‘সিনেমায় আমার চরিত্র সম্পর্কে ডিটেইলস বলতে চাচ্ছি না।
গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করছি, ভালো কিছু হবে।’ সজল-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।
