ক্রীড়া ডেস্ক: ভারতের অন্যতম ক্রিকেট খেলোয়ার বিরাট কোহলি। গত সপ্তাহেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ভারতীয় কিংবদন্তি এই ব্যাটারের ক্রিকেটের এলিট ফরম্যাট থেকে বিদায়ে মুষড়ে পড়েছেন তার অনেক ভক্ত। এর আগে ২০২৩ সালের জুন মাসে টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও অবসর নেয়ায় এখন কেবল ওয়ানডে ক্রিকেটে দেখা যাবে তাকে।
এদিকে কোহলির অবসরের কাছাকাছি সময়েই ভারতের ২০২৫ সালের দশম শ্রেণির সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ নিয়েও দেশটিতে চলছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সিবিএসইতে কোহলির মার্কশিটের একটি ছবি।
আরও পড়ুন- বাবরের পছন্দের সেরা একাদশে নেই কোহলি-বুমরাহ, আছেন যারা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোহলির ২০০৪ সালের দশম শ্রেণির মার্কশিটটি যদিও এবারই প্রথম ভাইরাল হয়নি। এই ছবিটি প্রথম ভাইরাল হয়েছিল ২০২৩ সালে, আইএএস কর্মকর্তা জিতিন যাদবের শেয়ারের মাধ্যমে। এবার ফের তা উঠে এসেছে আলোচনায়, বিশেষ করে কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রেক্ষাপটে।
ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, কোহলি দশম শ্রেণিতে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৪১৯। ইংরেজি, সমাজবিজ্ঞান আর হিন্দিতে বেশ ভালো নম্বর পেলেও গণিত, বিজ্ঞান আর আইটির নম্বর ছিল তুলনামূলক কম। ইংরেজিতে পেয়েছিলেন ৮৩, সমাজবিজ্ঞানে ৮১ আর হিন্দিতে ৭৫। অন্যদিকে গণিতে মাত্র ৫১, বিজ্ঞান ও টেকনোলজিতে ৫৫ এবং প্রাথমিক তথ্যপ্রযুক্তিতে পেয়েছিলেন ৭৪।
