সারমিন জাহান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকদের সচিবালয় অভিমুখে করা লংমার্চ আটকে দিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার পরে এ ঘটনা ঘটে।
এর আগে আজ সকাল থেকে গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকরা। বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে লংমার্চ শুরু করেন ইশরাকের সমর্থকরা। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ এতে বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি ফের নগর ভবনের সামনে ফিরে আসে।
এ সময় বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’— এমন স্লোগান দেন।
এর আগে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই তারা কর্মসূচি দিয়েছেন।