জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যত হত্যাকাণ্ড ঘটেছে, তার সবগুলোর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ ৫টি আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।
সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সকালে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এ প্রতিবেদন জমা দেন।
সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার ঘটনায় সকল হত্যাকাণ্ডের সুপিরিয়র রেসপনসিবিলিটি শেখ হাসিনার। তিনি এ গণহত্যা ও হত্যার উসকানিদাতা, প্ররোচনাদাতা ও সরাসরি নির্দেশদাতা। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে তার প্রধান সহযোগী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়।