মুক্তদেশ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য কে ভেনুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে আসামের কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রবাহিত কুশিয়ারা নদীতে তার লাশ পাওয়া যায়। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
৩২ বছর বয়সি কনস্টেবল কে ভেনু আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন।
বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার জানিয়েছে, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় নদীর ভাটির দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেনুর শরীরে বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে তার লাশ বিমানে করে ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
এর আগে ভেনু নিখোঁজ হওয়ার পর তাকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে সীমান্ত এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিএসএফ জানিয়েছিল, এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছ থেকে তারা কোনো তথ্য পায়নি।
