মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশের কোনো দূতাবাস বা হাইকমিশন কি নিজ দেশের নাগরিককে গ্রেপ্তার করতে পারে? দূতাবাসের ভেতরে কাউকে আটকে রাখার আইনি ক্ষমতা কতটুকু? আর স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনা কি সম্ভব?
কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, দূতাবাস কিছু ক্ষেত্রে বিশেষ কূটনৈতিক সুবিধা ভোগ করলেও সেখানে পুলিশের মতো কাউকে গ্রেপ্তার বা আটক করার আইনগত কর্তৃত্ব নেই। এমনকি দূতাবাসের ভেতরে কাউকে আটকে রাখা সম্ভব হলেও স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া তাকে সেখান থেকে বের করে দেশে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানের মতে, কাউকে আটক করে দেশে ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলছেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্সে দূতাবাসের যেসব কাজের কথা বলা হয়েছে, তার মধ্যে কাউকে গ্রেপ্তার করার কোনো বিধান নেই।
দূতাবাসে গ্রেপ্তারের প্রসঙ্গ কেন
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, হাসিনা বাতিল হওয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আবার চালু করে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার দেশে ফেরার ব্যবস্থা করতেও অনুরোধ জানিয়েছেন তিনি।
এমন প্রেক্ষাপটে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, হাসিনা ভারতের দিল্লিসহ বিদেশে থাকা বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে, সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসিনাসহ দলটির বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ব্লক করে রাখা হয়েছে জাতীয় পরিচয়পত্রও।
অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ৮ জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, হাসিনাসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছিল, তাদের বেশির ভাগই পরে সাধারণ সবুজ পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ পাননি।
আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির সাবেক সংসদ সদস্যদের বেশির ভাগই দেশ ছেড়েছেন। তাদের উল্লেখযোগ্যসংখ্যক ভারতে অবস্থান করছেন।
এখন প্রশ্ন উঠেছে, হাসিনার মতো যারা বাংলাদেশের পাসপোর্ট ছাড়া ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা দিল্লি কিংবা অন্য কোনো দেশে বাংলাদেশের দূতাবাসে গেলে তাদেরও কি আটক করা হবে?
তবে হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি অবশ্য বলেছেন, ‘জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্তরা, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তাদের সবাইকে এক্সট্রাডিশন ট্রিটির (বন্দী প্রত্যাবর্তন চুক্তি) আওতায় ফেরত আনা হবে।’
কূটনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশের মাটিতে অবস্থিত দূতাবাস থেকে নিজ দেশের নাগরিককে আটক করে দেশে ফিরিয়ে নেওয়ার কিছু নজির রয়েছে। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে স্নায়ুযুদ্ধের সময় এমন কয়েকটি ঘটনা ঘটেছিল। তবে এসব ক্ষেত্রে বেশির ভাগ সময় সংশ্লিষ্ট দেশের সরকারের সম্মতি বা সহযোগিতা নিতে হয়েছিল।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলেন, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স অনুযায়ী, দূতাবাসের দায়িত্ব ও কার্যক্রম নির্ধারিত রয়েছে। কিন্তু এসব দায়িত্বের মধ্যে কাউকে গ্রেপ্তার করার বিষয়টি নেই।
সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক মাহফুজুর রহমানও মনে করেন, দূতাবাসে কেউ গেলে সেখানকার কর্মীরা তাকে আটকে রাখতে পারেন। কিন্তু কাউকে গ্রেপ্তার করার মতো আইন প্রয়োগকারী বাহিনী বা লোকবল দূতাবাসের নেই।
তিনি বলেন, দূতাবাসের প্রাঙ্গণ অনেকটা সার্বভৌম সুবিধা ভোগ করে। কূটনীতিকদেরও দায়মুক্তি রয়েছে। কিন্তু দূতাবাসে কাউকে আটকে রাখলেও তাকে দেশে ফিরিয়ে নিতে হবে। স্বাগতিক দেশের সরকারের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।
মাহফুজুর রহমান বলেন, অনেক সময় সরকার স্বাগতিক দেশের সঙ্গে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে এ ধরনের কাজ করে থাকে। গোয়েন্দা সংস্থাগুলোও কখনো কখনো এমন অভিযান চালিয়েছে। স্নায়ুযুদ্ধের সময় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এখন বিষয়টি অনেক কঠিন। স্বাগতিক সরকারের সম্মতি না থাকলে কাউকে আটক করে নিয়ে আসার সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘ধরুন, তাও আপনি আন্ডার কাভারে লোকজন রাখলেন। এরপর দূতাবাসে কেউ গেল ও তাকে আটকানো হলো। কিন্তু তাকে তো বিমানে হোক বা যেভাবে হোক আনতে হবে। স্বাগতিক দেশের সহায়তা ছাড়া সেটি তো সম্ভব হবে না।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মাহফুজুর রহমান বলেন, ‘এটি আসলে কূটনৈতিক শিষ্টাচারসুলভ মন্তব্য নয়। হয়তো অপরপক্ষকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে।’
ভিয়েনা কনভেনশনে কী বলা আছে
১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত কূটনৈতিক মিশন ও প্রতিনিধিদের কার্যক্রম এবং তাদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।
ভিয়েনা কনভেনশনের ৩ নম্বর অনুচ্ছেদে একটি কূটনৈতিক মিশনের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাগতিক রাষ্ট্রে প্রেরণকারী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক আইন অনুমোদিত সীমার মধ্যে ওই দেশে প্রেরণকারী রাষ্ট্র ও তার নাগরিকদের স্বার্থ রক্ষা করা।
এ ছাড়া স্বাগতিক দেশের সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতা করা, আইনসম্মত উপায়ে দেশটির পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজ সরকারকে জানানো এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করাও দূতাবাসের দায়িত্বের মধ্যে পড়ে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সম্পর্কের বিকাশে ভূমিকা রাখার কথাও বলা হয়েছে।
ড. রায়হান রশীদ বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাসগুলো কিছু বিধিনিষেধের আওতায় বিশেষ কূটনৈতিক সুবিধা ভোগ করে। কিন্তু এর অর্থ এই নয় যে, দূতাবাসের নিজস্ব পুলিশি ক্ষমতা রয়েছে।
তিনি বলেন, ‘কিন্তু দূতাবাসের তো পুলিশিং অথরিটি নাই। তারা কিভাবে অ্যারেস্ট বা ডিটেইন করবে। আবার কেউ দূতাবাসে গেলে লোকজন তাকে আটকালেও তাকে তো সেখান থেকে বের করতে গেলেই হোস্ট কান্ট্রির সহায়তা লাগবে। আটক বা গ্রেপ্তার তো প্রতিটি দেশের নিজস্ব আইন অনুযায়ী নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হয়ে থাকে। দূতাবাস তো বিচারালয় বা জেলখানা না।’
বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটে কূটনৈতিক দায়মুক্তি বা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে বলা হয়েছে, কূটনৈতিক দায়মুক্তি অসদাচরণের অবাধ ছাড়পত্র নয়। ভিয়েনা কনভেনশন কূটনীতিকদের আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেয় না। বরং তাদের স্বাগতিক দেশের আইন মেনে চলতে হয়।
তবে কোনো কূটনীতিক অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মূলত প্রেরণকারী রাষ্ট্রের হাতে থাকে। উদাহরণ হিসেবে সংশ্লিষ্ট রাষ্ট্র ওই কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে পারে অথবা তার কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করতে পারে।
নেদারল্যান্ডস সরকারের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, অতীতে কূটনীতিকেরা প্রেরণকারী রাষ্ট্রের সৎ আচরণের একধরনের নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতেন। ওই রাষ্ট্র যথাযথ আচরণ না করলে তার কূটনীতিককে দায়ী করা হতো। কখনো কখনো এর পরিণতি প্রাণঘাতীও হতে পারত। বর্তমানে এ ক্ষেত্রে বিপরীত ব্যবস্থা কার্যকর। কোনো কূটনীতিক আইন ভঙ্গ করলে তার প্রাথমিক দায়ভার প্রেরণকারী রাষ্ট্রের ওপর বর্তায়।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের কোনো দূতাবাসে গিয়ে কেউ আটক হলে সেটি কূটনৈতিক অসদাচরণ হিসেবে বিবেচিত হবে কি না, তা অনেকাংশে নির্ভর করবে স্বাগতিক দেশের অবস্থানের ওপর। স্বাগতিক দেশের সম্মতি ও সহযোগিতা থাকলে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে। তবে তাদের অনুমোদন ছাড়া বিষয়টি কার্যকর করা কঠিন।
দূতাবাসের ভেতরে হত্যার নজিরও রয়েছে
বিদেশের মাটিতে অবস্থিত দূতাবাস বা কনস্যুলেটের ভেতরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এর একটি আলোচিত উদাহরণ সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যা।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে খুন হন সৌদি সরকারের কড়া সমালোচক সাংবাদিক জামাল খাসোগি পরে সৌদি আরব স্বীকার করে, ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটের ভেতরেই খাসোগিকে হত্যা করা হয়েছিল।
এই ঘটনা দেখায়, দূতাবাস বা কনস্যুলেটের বিশেষ কূটনৈতিক মর্যাদা থাকলেও সেখানকার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রশ্ন উঠতে পারে। তবে দূতাবাসের ভেতরে কাউকে আটকে রাখা কিংবা গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে স্বাগতিক দেশের আইন ও সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে—পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের বাস্তব প্রয়োগ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, দূতাবাসের নিজস্ব গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আর কাউকে আটক করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে স্বাগতিক দেশের সহযোগিতা ছাড়া কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
