মুক্তদেশ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।
শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। তারা বলেন, রাজনৈতিক কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। যতগুলো ধারা দেওয়া হয়েছে, একটি ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য।
শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে। এর আগে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
