মুক্তদেশ ডেস্ক: বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। বার্ষিক কর্মী মূল্যায়নের পর ‘কর্মদক্ষতাভিত্তিক কর্মী হ্রাস’ কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ স্মারকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ানো আমন। রয়টার্স স্মারকটি পর্যালোচনা করেছে। আগামী নভেম্বর থেকে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া শুরু হবে।
আমন বলেন, ‘আরও শক্তিশালী কর্মদক্ষতাভিত্তিক সংস্কৃতি’ গড়ে তোলা এবং যেসব ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোর সমাধানের লক্ষ্যে এই ছাঁটাই করা হচ্ছে।
তবে স্মারকে কতজন কর্মী ছাঁটাইয়ের আওতায় আসবেন, তা উল্লেখ করা হয়নি। রয়টার্সও তাৎক্ষণিকভাবে ছাঁটাইয়ের সম্ভাব্য পরিসর নির্ধারণ করতে পারেনি।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কোয়ালকম। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ছিল প্রায় ৫২ হাজার। তাঁদের অধিকাংশই পূর্ণকালীন কর্মী। প্রতিষ্ঠানটির অর্থবছর সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে শেষ হয়।
বিশ্বের অন্যতম বৃহৎ স্মার্টফোন চিপ নির্মাতা কোয়ালকম চলতি বছর ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের বিক্রি কমে যাওয়ার চাপে পড়েছে। মেমোরি চিপের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এসব পণ্যের চাহিদা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৬ সালে এখন পর্যন্ত কোয়ালকমের শেয়ারের দাম বেড়েছে মাত্র ১ দশমিক ৫ শতাংশ। অথচ একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১২ শতাংশের বেশি। আর ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
মঙ্গলবার দিনের শুরুতে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কমলেও পরে কোয়ালকমের শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত সর্বশেষ আয়-সংক্রান্ত প্রতিবেদনে কোয়ালকম পূর্বাভাস দিয়েছিল, তাদের ত্রৈমাসিক মুনাফা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছিল, অ্যাপলের পণ্য থেকে তাদের আয় প্রত্যাশার তুলনায় দ্রুত কমবে।
তবে একই সঙ্গে কোয়ালকম ইঙ্গিত দিয়েছিল, ২০২৭ অর্থবছরের মধ্যে ডেটা সেন্টার এবং হ্যান্ডসেটবহির্ভূত অন্যান্য ব্যবসার প্রবৃদ্ধি থেকে আয় অ্যাপল-সংশ্লিষ্ট ব্যবসায় কমে যাওয়া রাজস্বের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেয়েও বেশি হবে।
দ্রুত সম্প্রসারণশীল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টারের বাজারে প্রবেশের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। কোয়ালকমের প্রত্যাশা, ২০২৭ অর্থবছরে তাদের চিপ বিক্রির সিংহভাগ আসবে স্মার্টফোনবহির্ভূত ব্যবসা থেকে।
অভ্যন্তরীণ স্মারকে আমন বলেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক অগ্রাধিকার, সাংগঠনিক চাহিদা, কর্মীদের দক্ষতা ও বিশেষায়িত জ্ঞান বিবেচনায় নেওয়া হবে।
তিনি লেখেন, “আমাদের ব্যবসা সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতার ধরনও পরিবর্তিত হয়েছে। কর্মীরা যেন নিজেদের সর্বোচ্চ কর্মদক্ষতা দেখাতে পারেন এবং প্রতিষ্ঠানটি যেন সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সে জন্য সঠিক পদে সঠিক মানুষকে থাকতে হবে।”
