মুক্তদেশ ডেস্ক: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের অন্ধকারে তাদের মুখমণ্ডল অবশ্য স্পষ্ট বোঝা যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
