মুুুক্তেদেশ ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কোনো ছাড় পাবেন না।
ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সমন্বয় করে কাজ করছে পিটিআই।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, টিটিপির সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পিটিআই। পিটিআইকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে ব্ল্যাকমেইল করা যাবে-এমন ধারণা ‘আকাশকুসুম কল্পনা’।
তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সরকারকে ব্ল্যাকমেইল করতে পারবে না তারা। তার অভিযোগ, প্রতি দুই থেকে তিন মাস পরপর ইসলামাবাদে হামলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে।
খাজা আসিফ বলেন, ‘তারা যদি ব্ল্যাকমেইলের পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ইমরান খানের জন্য কোনো ছাড়ের সম্ভাবনা দেখছি না। চাপের মুখে সরকার তাদের কোনো দাবি মেনে নেবে না।’
পিটিআইকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
