মুুুক্তদেশ ডেস্ক: শাকিব খানের পাশের আসনে তানজিয়া জামান মিথিলা। দুজন পাশাপাশি বসে আছেন উড়োজাহাজে। সেই ছবি ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে। এই ছবি দেখে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে—একই উড়োজাহাজে কোথায় যাচ্ছেন শাকিব খান ও মিথিলা? নতুন কোনো সিনেমার কাজ, নাকি অন্য কোনো উপলক্ষ?
খোঁজ নিয়ে জানা গেছে, না, নতুন সিনেমার শুটিং নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব ও মিথিলা। গত বুধবার দিবাগত রাতে একটি উড়োজাহাজে বাংলাদেশ ছাড়েন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা।
‘রকস্টার’ ছবিতে শাকিব খানের সঙ্গে তানজিয়া মিথিলা।ছবি : মিথিলার ইনস্টাগ্রাম থেকে
ফেসবুকে শাকিবের পাশের আসনে বসা একটি স্থিরচিত্র পোস্ট করেছেন মিথিলা। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আগুন ও এলিনা আসছে…। দেখা হবে নিউইয়র্কে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছে দুই তারকার সফর। এই ফ্লাইটে ছিলেন আরও অর্ধডজন তারকা—যাঁদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, দীঘি, সামিরা খান মাহি, ফারহান আহমেদ জোভান প্রমুখ।
