মুক্তদেশ ডেস্ক: রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের পর মহানগরীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশ মুখগুলোসহ শহরের গুরুত্বপূর্ণ আড়াই শ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হচ্ছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। গতকাল (শুক্রবার) রাত থেকে যেসব ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটা মামলা হয়েছে।’
নিয়াজ মেহেদী বলেন, ‘এর বাইরে আমরা ঢাকায় ২০০ এরও বেশি জায়গায় চেকপোস্টগুলো বসিয়ে তল্লাশি চালাচ্ছি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করছি। ঢাকার অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার, প্রবেশপথ-এগুলোতে চেকপোস্ট কার্জক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের প্রতি আমাদের বিশেষ নজরদারি থাকবে। অবৈধ মোটরসাইকেল যেন না চালিত হয় এবং এই নিয়ে কোনো নাশকতা বা এই ধরণের কর্মকাণ্ড যেন না করতে পারে সেক্ষেত্রে আমরা বিশেষ চেষ্টা করছি এবং লক্ষ্য রাখছি।’
‘এর বাইরেও আমাদের নিয়মিত চেকপোস্ট ও টহল কার্জক্রম চলমান। অপরাধীদের অপতৎপরতা রুখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে’, যোগ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
ঢাকা মহানগর পুলিশ জানায়, বিগত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের স্থানগুলোর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, মাদকদ্রব্য, একটি গাড়ি, ৫টি মোবাইল ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গতকাল দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
