রাজবাড়ী: রাজবাড়ী জেলা কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামে হাজতির এক জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসাপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তুষার বিশ্বাস (৪২) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, হাজতি তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ৬টি ও গোয়ালন্দ থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর মধ্যে ৩টি মামলায় জামিনপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ‘কারাগার থেকে হাসপাতালে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর নিশ্চিত করা হয়।’
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাসের বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানতে পেরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপালে নেওয়া হয়। সেখানের চিকিৎসাধনী তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
