মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা টানা ১১তম রাতের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।
বিবৃতিতে আরও বলা হয়, গত তিন মাসে ইরান আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তবে এসব ঘটনার পরও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
