মুক্তদেশ ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ রবিবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযানের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর বাকিদের আইডেন্টিফিকেশনটা আমাদের করা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা হচ্ছে ৬১ জনের।
এর আগে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।
এতে আসামি করা হয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন- একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। সেই সঙ্গে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে চলছে পর্যালোচনা। ২১ জুলাই নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান দলটির শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল।
আজ সকালে দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ওই প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা ছিলেন।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে সমাবেশ করে হেফাজত। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
