মুক্তদেশ ডেস্ক: রাজধানী গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরের মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটিতে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। তাদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের আদেশে সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরি (জিনিসপত্রের তালিকাকরণ) কার্যক্রম শুরু হয়।
ফ্ল্যাট দুটির অবস্থান গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৭৪৭ বর্গফুট; আর বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৮৩২ বর্গফুট। দুটি ফ্ল্যাটের মোট আয়তন ৭ হাজার ৫৭৯ বর্গফুট।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, আদালতের অনুমতি নিয়ে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চলছে। দুটি ফ্ল্যাটে মালামালের ইনভেন্টরি তৈরির কাজ করছে।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৮ নভেম্বর ক্রোকের আদেশ হয়। পরে চলতি বছরের ১২ জানুয়ারি রিসিভার নিয়োগ এবং ২৯ এপ্রিল তালা খুলে রিসিভারের প্রবেশ ও মালামালের তালিকা করার অনুমতি দেওয়া হয়।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের আদেশে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ফ্ল্যাট দুটির রিসিভারের দায়িত্ব দেওয়া হয়। তার দায়িত্ব সম্পত্তির নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণ করা।
তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় রিসিভার সেখানে প্রবেশ করতে পারছিলেন না। পরে দুদকের আবেদনের পর গত ২৯ এপ্রিল আদালত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতেও বাধাহীনভাবে ফ্ল্যাটে প্রবেশ এবং ভেতরে থাকা মালামালের তালিকা করার অনুমতি দেয়।
