মুক্তদেশ ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড (গ্যারি) সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা। তার প্রয়াণে ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটলো।১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৬টি ছক্কা হাঁকানোর মহাকীর্তি গড়েন সোবার্স। এক্সে করা পোস্টে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’ তবে তার প্রতিভা শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ ছিল না। অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি অধিনায়ক ও ধারাভাষ্যকার রিচি বেনো তাকে মূল্যায়ন করে লিখেছিলেন, ‘সোবার্স ছিলেন বিশ্বের দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি একাধারে দুর্দান্ত ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার এবং নতুন বলের পেস থেকে শুরু করে লেফট-আর্ম স্পিন- সব ধরনের বোলিংয়েই ছিলেন সমান পারদর্শী।১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকে আসেন সোবার্স। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই রূপ দেন অপরাজিত ৩৬৫ রানের মহাকাব্যে, যা দীর্ঘ ৩৬ বছর টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে টিকে ছিল।
