নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ভোররাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র ও শ্রমিকদের দাবি, বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার কাপড়ের গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত কি না, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
