মুক্তদেশ ডেস্ক: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এই দাবিতে তাঁরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫ টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন।
