যশোর: যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা তেলপাম্পের পাশে গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তিনি উপজেলার তেলিধান্যপোড়া এলাকার খাজুরা তেলপাম্প-সংলগ্ন গ্রামের বাসিন্দা মুনতাজ ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যের ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
