মুক্তদেশ ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে বৃদ্ধ মাকে ভরণপোষণ না দেওয়া এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা রাশেদা বেগম (৬৪), মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী। তিনি অভিযোগ করেন, তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ দেন না। তার নামে থাকা জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে রাশেদা বেগমের ভাই তাকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে টাঙ্গাইলে বাবার বাড়িতে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে।
