গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে মামলার দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহায়তা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস।
এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
