মুক্তদেশ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। গতকাল সোমবার ২৫ মে থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীগণ পারাপার হতে পারবেন।
গত রবিবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
