মুক্তদেশ ডেস্ক: দিনের শেষে তুচ্ছ কোনো কারণে কি আপনার মেজাজ হারিয়ে যায়? ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে পাশের কারও সামান্য কথায় রেগে যান? কিংবা কারও ছোট একটি আচরণে ভীষণ ভেঙে পড়েন? অনেক সময় আমরা এসব অনুভূতিকে এক কথায় ‘ফ্রাস্ট্রেশন’ বা বিরক্তি বলে এড়িয়ে যাই। অথচ মনোবিজ্ঞানীরা বলছেন, বিরক্তি আসলে কোনো একক আবেগ নয়; এটি অনেক গভীর অনুভূতির বাহ্যিক প্রকাশ।
বিখ্যাত থেরাপিস্ট ও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, ফ্রাস্ট্রেশন অনেকটা একটি ‘ছাতা’র মতো। এর নিচে লুকিয়ে থাকতে পারে রাগ, ভয়, দুঃখ, অপরাধবোধ কিংবা লজ্জার মতো জটিল আবেগ। তাই অস্থিরতার প্রকৃত কারণ খুঁজে বের করতে না পারলে এর সমাধানও সম্ভব হয় না।
আসল আবেগটি চিনুন
যখন মনে হয় কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন ভেতরে ভেতরে নিচের যেকোনো আবেগ কাজ করতে পারে—
রাগ
রাগকে বলা যায় বিরক্তির সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। কোনো ব্যক্তি বা পরিস্থিতি যখন আপনার কাজে বাধা সৃষ্টি করে, তখন ভেতরে যে আগুন জ্বলে ওঠে, সেটিই রাগ। একে চাপা না দিয়ে নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করতে শেখা জরুরি।
উদ্বেগ বা ভয়
অনেক সময় আমরা ‘ভয় পাচ্ছি’—এ কথা স্বীকার করার চেয়ে ‘বিরক্ত লাগছে’ বলা সহজ মনে করি। যেমন, ডাক্তার সময়মতো রিপোর্ট দিচ্ছেন না কিংবা প্রিয় মানুষ দীর্ঘ সময় ফোন ধরছেন না। এখানে বিরক্তির আড়ালে কাজ করে অনিশ্চয়তার ভয় এবং নিরাপত্তাহীনতা।
বিষণ্নতা বা দুঃখ
কোনো পরিস্থিতি বদলানোর আশা হারিয়ে গেলে মানুষ হতাশ হয়ে পড়ে। অপূর্ণ স্বপ্ন, সম্পর্ক ভেঙে যাওয়া কিংবা চাকরি হারানোর পর যে বিরক্তি তৈরি হয়, তার গভীরে প্রায়ই থাকে দুঃখবোধ ও শোক।
অপরাধবোধ
ধরুন, আপনার কোনো ভুলের জন্য বন্ধু এখনো কষ্ট পেয়ে আছে। আপনি হয়তো তার আচরণে বিরক্ত হচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে নিজের ওপরই ক্ষুব্ধ। নিজেকে ক্ষমা করতে না পারার অনুভূতি থেকেই জন্ম নিতে পারে এই বিরক্তি।
লজ্জা ও হীনম্মন্যতা
নিজেকে অযোগ্য মনে করা বা আত্মবিশ্বাসের অভাব থেকেও দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হতে পারে। যখন মনে হয় আপনি কাঙ্ক্ষিত জীবনের যোগ্য নন, তখন সেই হীনম্মন্যতা বিরক্তির রূপ নেয়।
কীভাবে সামলাবেন এই অস্থিরতা?
বিরক্তি স্থায়ী কোনো অনুভূতি নয়; এটি সাময়িক প্রতিক্রিয়া। তাই যখন মনে হবে সবকিছু অসহ্য লাগছে, তখন নিজেকে প্রশ্ন করুন—“আমি কি সত্যিই বিরক্ত, নাকি অন্য কোনো অনুভূতি কাজ করছে?”
আবেগকে নাম দিন
আপনি কি রাগান্বিত, নাকি ভীত? দুঃখিত, নাকি হতাশ? আবেগকে সঠিকভাবে শনাক্ত করতে পারলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। এটিই ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’-এর গুরুত্বপূর্ণ অংশ।
সচেতনতা চর্চা করুন
বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। শরীর ও মনের অনুভূতিগুলো বিচার না করে শুধু পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। এই সচেতনতা ধীরে ধীরে মনকে স্থির হতে সাহায্য করে।
তাৎক্ষণিকভাবে নিজেকে শান্ত করুন
রাগ বা বিরক্তি চরমে পৌঁছালে কয়েকবার গভীর শ্বাস নিন। ধীর শ্বাস স্নায়ুকে শান্ত করে এবং হঠাৎ আবেগপ্রসূত প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত রাখে।
দৃষ্টিভঙ্গি বদলান
আমরা প্রায়ই এমন বিষয় নিয়ে বেশি ভাবি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বরং যেসব বিষয়ে আপনার প্রভাব আছে, সেগুলোর দিকে মনোযোগ দিন। এতে অসহায়ত্ব কমে যায়।
জীবনযাত্রায় পরিবর্তন আনুন
পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত শরীরচর্চা মানসিক সহনশীলতা বাড়ায়। শরীর সুস্থ থাকলে ছোটখাটো বিষয়েও বিরক্ত হওয়ার প্রবণতা কমে আসে।
অস্থিরতার পেছনের প্রকৃত আবেগকে বুঝতে পারা মানে নিজের ভেতরের জগৎকে নতুনভাবে আবিষ্কার করা। আর সেই সচেতনতাই হতে পারে মানসিক শান্তি ফিরে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরু।
