মুক্তদেশ ডেস্ক: সিরিয়ার স্থলপথ ব্যবহার করে এক দশকেরও বেশি সময় পর আবারও তেল রপ্তানি শুরু করেছে ইরাক। জাতীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বুধবার ইরাক থেকে জ্বালানি তেলের প্রথম বহরটি সিরিয়ার আল-তানফ ও আল-ওয়ালিদ সীমান্ত ক্রসিং দিয়ে দেশটিতে প্রবেশ করে। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, প্রথম বহরে ২৯৯টি ট্যাঙ্কার রয়েছে, যেগুলোতে পরিশোধিত জ্বালানি তেল বহন করা হচ্ছে।
এই তেল সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত বানিয়াস শোধনাগারে নেওয়া হবে। সেখানে প্রক্রিয়াজাত করার পর তা রপ্তানির জন্য প্রস্তুত করা হবে।
এক দশকের বেশি সময় ধরে বন্ধ থাকার পর এই রুটটি পুনরায় চালু করা হলো। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেল নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী করতে ধাপে ধাপে রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে পারস্য উপসাগরের জলপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইরাক বিকল্প হিসেবে এই স্থলপথ ব্যবহার শুরু করেছে। সূত্র: আল–জাজিরা ও শিনহুয়া
