মুক্তদেশ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ইফতারে পর দুর্বৃত্তের গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপাজেলা পূর্বগুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাটবাজারে মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপি কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে দাবি করেছে তার পরিবার। তবে দলীয় সূত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ইফতারের পর মুজিব দোকানে গিয়েছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তার কয়েক সেকেন্ড পর তাকে দোকানে দুটি এবং পরে রাস্তায় আরও একটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামী আমাদের সঙ্গে ইফতার করেন। এরপর বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার ১০-১৫ মিনিটের মধ্যে তাকে গুলি করা হয়েছে বলে সংবাদ পাই। আমরা বাজারে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
