মুক্তদেশ ডেস্ক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ে প্রবেশ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার পর তারা সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয়ের ৫ নাম্বার গেট দিয়ে দুইটা প্রোটোকলের গাড়িসহ তিনি প্রবেশ করেন।
দুপুর ১২টার ৫ মিনিটে তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে আজ সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে । অনেকেই ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়াও সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স এসএসএফ’ র সদস্যরা সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ গতকাল বিকেলে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস নতুন রূপে সাজানো হয়েছে।
