মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘ আহ্বান জানিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়-এর মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সকল নারী ও মেয়ে, প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, লিঙ্গ বৈচিত্র্য থাকা ব্যক্তিদের-নিরাপদ ভোট ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা একটি মৌলিক অধিকার।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আগে নারীদের প্রার্থী ও ভোটার হিসেবে হিংসা, হয়রানি ও ডিজিটাল হেনস্থার বিষয়টি নিয়ে নারীদের সংগঠন ও পেশাজীবী শ্রেনী উদ্বেগ প্রকাশ করেছে। এতে রাজনৈতিক নেত্রী, কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সাইবারবুলিং, ডিপফেক, যৌনতাভিত্তিক এবং এআই-পরিবর্তিত কনটেন্টসহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
জাতিসংঘ বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে যাতে নারীদের ভোট ও প্রার্থী হওয়ার সুযোগ বৃদ্ধি পায়। বিবৃতিতে সকল ভোটার, বিশেষ করে নারী ভোটার ও প্রার্থী, যে কোনো হুমকি, হয়রানি বা অনলাইন শোষণের ভয় ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও জাতিসংঘ সকল রাজনৈতিক দল, নেত্রী ও সমর্থকদের নারীর প্রতি হুমকি, হয়রানি বা সহিংসতার শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করতে অনুরোধ করেছে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছে, কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষা করবে।
