মুক্তদেশ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।’
আজ শনিবার রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, মানুষের প্রশংসা করো।’
মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা-৮ আসনে তারা এমন কিছু করতে চাচ্ছে, যাতে সারাদেশের ভোট বন্ধ হয়ে যায়। তবুও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে আছি। কিন্তু ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবে না। বিএনপি স্বচ্ছ নির্বাচন চায়।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ বলে ৫ আগস্ট সবকিছু তারা একারা করে ফেলেছে, আরে বাবা আমরা তাহলে ১৭ বছর কী করলাম? আমাদের যে ৫ হাজার মানুষ গুম হলো, ৪ হাজার মৃত্যুবরণ করল, আমরা যে বছরের পর বছর জেল খাটলাম- কী করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি। এটা বুঝতে হবে। শেখ হাসিনা পালানোর পর আমাদের যেরকম ভালো থাকার কথা ছিল, সেই রকম ভালো আমরা নেই। শুধু পুলিশের হয়রানি বন্ধ হয়েছে, এছাড়া আর কোনো কারণে বাংলাদেশ ভালো নেই।’
