মুক্তদেশ ডেস্ক: জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে বিএনপি। ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছে দলটি।
শনিবার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
সম্প্রতি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে দাবি করেন, বিএনপি ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে।
এ প্রসঙ্গে মাহাদী আমীন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির যে দাবি করেছেন, সেটির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। কারণ তিনি যে তথ্যের কথা বলছেন, তার ন্যূনতম বাস্তবতা কিংবা সত্যতা নেই।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি রাজনৈতিক অপকৌশল ও অপপ্রচার ছাড়া কিছু নয়। যদি ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকে, তাহলে সেটি হয় অজ্ঞতা, নয়তো সচেতন অপকৌশল। আমরা মনে করি, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার।
মাহাদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করা, যেখানে অপপ্রচার, অপকৌশল কিংবা অপরাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।
তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়ন।
নিজেদের অতীত রাজনৈতিক অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন করেছে বিএনপি। সীমান্তে ফেলানি হত্যার পর সবার আগে রাজপথে নেমে প্রতিবাদ করেছে বিএনপি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রাজনীতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের অংশ।
